রহিমুদ্দীর ভাইয়ের বেটা

চাচা আর ভাজতে সন্ধ্যাবেলায় দুইজনে আলাপ-সলাপ করছে।

ভাজতেঃ চাচা! আজ বাজারে গিয়েছিলাম।

চাচাঃ যাবি না! তবে বাড়িতে বসে থাকবি নাকি?

ভাজতেঃ একটা কুমড়া নিয়ে গিয়েছিলাম।

চাচাঃ নিবি না? খালি হাতে বাজারে যাবি নাকি?

ভাজতেঃ একটা লোক এসে কুমড়ার দাম জিজ্ঞেস করলো।

চাচাঃ দাম জিজ্ঞেস না করলে কি বিনা পয়সায় কুমড়াটা নেবে?

ভাজতেঃ আমি আট আনা চাইলাম।

চাচাঃ আট আনা চাবি না তবে কি মাঙনা দিবি অত বড় কুমড়াটা?

ভাজতেঃ সে লোকটা দুই আনা বলিল।

চাচাঃ বলিবে না? অতটুকু কুমড়া তুমি আটা আনা চাইলেই সে নিবে কেন?

ভাজতেঃ আমি বলিলাম বাপের পুষ্যি কুমড়া খাইছো কোনদিন?

চাচাঃ বেশ বলেছিস। এত বড় কুমড়াটা বেটা দুই আনা মাত্র দর করল!

ভাতিজাঃ এমন সময় এক পুলিশ আসিল।

চাচাঃ আসবে না? তুমি ভদ্রলোকের ছেলেকে বলেছো, বাপের পুষ্যি কোনদিন কুমড়া খাইছো? দেখ না কি হয়!

ভাতিজাঃ  পুলিশ এসে কুমড়ার দাম জিজ্ঞাস করল।

চাচাঃ দাম জিজ্ঞাস করবে না? পুলিশ বলে কুমড়াটা মাঙনা নিবে নাকি?

ভাজতেঃ আমি কুমড়ার দাম আট আনা চাইলাম।

চাচাঃ বেশ! বেশ! আমার ভাজতে! দাম চাইবি না! পুলিশ দেখে ডরাইবি না কি?

ভাজতেঃ পুলিশ দুই আনা দাম করিল।

চাচাঃ করিবে না? পুলিশ বলে কি তারা জিনিসের দাম জানে না? এতটুকু কুমড়া তার দাম দুই আনার বেশি আর কত হবে?

ভাতিজাঃ আমি বলিলাম বাপের পুষ্যি কুমড়া খাইছো কোনদিন?

চাচাঃ বেশ বলেছিস! পুলিশ বলে ডরাবি কেন? বেটা আট আনার কুমড়াটা দুই আনায় নিতে চায়?

ভাজতেঃ তখন পুলিশ আমাকে ধরে খুব মাইর দিল।

চাচাঃ দিবে না? যত বড় মুখ নয় তত বড় কথা? পুলিশের সঙ্গে বাহাদুরী!

ভাজতেঃ মারিতে মারিতে আমাকে থানায় নিয়ে গেল।

চাচাঃ থানায় নিয়ে যাবে না? পুলিশকে তুমি আপমান করেছো।

ভাজতেঃ সেখানে গেলে বড় দারোগা আসল।

চাচাঃ আসবে না? দেখ তোমার উপর আরো কি দুর্গতি হয়।

ভাজতেঃ বড় দারোগা এসে আমাকে ছেড়ে দিল।

চাচাঃ দিবে না? তুমি যে রহিমুদ্দীর ভাইয়ের বেটা!

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!