আরবের আগুনঝরা মধ্যাহ্ন। ঊর্ধ্বাকাশ থেকে মরু-সূর্য যেন আগুন বৃষ্টি করছে। মরুর লু-হাওয়া আগুনের দাবদাহ নিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে দিচ্ছে চারদিক। এমনি সময়ে আগুনঝরা মরুভূমির বুকে নির্যাতন চলছে এক নারীর উপর—সুমাইয়ার উপর। ইসলাম প্রচারের শুরুতেই যাঁরা রাসূলের (সা.) আহ্বানে সাড়া দিয়েছিলেন, সুমাইয়া তাঁদেরই একজন।
সুমাইয়ার নারীদেহ ভঙ্গুর, স্পর্শকাতর; কিন্তু আত্মা তা অজেয়। বক্ষে তাঁর বিশ্বাস-ঈমানের দুর্জয় শক্তি ও সাহস। সে প্রাণবহ্নি নির্বাপিত হবার মতো নয়।
সুমাইয়ার উপর এ নির্যাতন কেন? কেন তাঁকে এই প্রখর মধ্যাহ্নে সূর্যের বহ্নিতলে ক্রুর নির্যাতন চালানো হচ্ছে? তাঁর অপরাধ এক আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করা। যুগ যুগ ধরে পূজ্য লাত, উজ্জা, হুবলদের বিরোধিতা করেছেন তিনি। তাঁর জীবন, মৃত্যু, সাধনা—সব কিছুই নিবেদন করেছেন আল্লাহর নামে।
অমানুষিক নির্যাতনেও সুমাইয়া অচল-অটল। তাঁর দেহ নির্যাতন-নিপীড়নে জর্জরিত হোক, তাঁর কোমল দেহ পুড়ে ছাই হয়ে যাক, তবু অসত্যের কাছে, অত্যাচারের কাছে তাঁর অমর আত্মা কখনও নতিস্বীকার করবে না।
এত কষ্ট দিয়েও শত্রুর মন টলল না। ইসলামের শত্রু আবু জাহল সুমাইয়ার অবিচল নিষ্ঠা, অপূর্ব সাহস-সহিষ্ণুতা ও দৃঢ়তা দেখে অস্থির হয়ে তাঁর দিকে বর্শা ছুঁড়ে মারল। বর্শা গিয়ে সুমাইয়ার নিম্নাঙ্গ ভেদ করল। সুমাইয়ার দেহ ভূলুণ্ঠিত হয়ে পড়ল। তাঁর মৃত্যুজয়ী আত্মা চলে গেল জান্নাতে। দু’মুঠো মাটির দেহ তাঁর আল্লাহর সান্নিধ্যে চলে গেল।
সুমাইয়ার পবিত্র রক্তে আরবের মাটি রঞ্জিত হলো—সেই রক্তে উত্তপ্ত হলো ভবিষ্যতের শত সহস্র শাহাদাত-আত্মত্যাগের বীজ। সত্যের জন্য উৎসর্গিত প্রাণ যাঁর, মৃত্যুতেও তাঁর কিসের ভয়, কিসের শঙ্কা।
সুমাইয়ার কন্যা হযরত উম্মে আম্মারের উপরও চলল অকথ্য নির্যাতন। তপ্ত বালুর উপর-পাথরের উপর তাঁকে জোর করে শুইয়ে রাখা হতো। উত্তপ্ত মরুর সূর্য প্রখর কিরণে তাকে আরও উত্তপ্ত করে তুলত। মধ্যাহ্নে ঘণ্টার পর ঘণ্টা তাঁকে দাঁড়িয়ে থাকতে হতো উন্মুক্ত মরুপ্রান্তরে। উষ্ণ লু-হাওয়া তাঁর সর্বাঙ্গ ঝলসে দিত—আত্মা তবু নতিস্বীকার করেনি।
অসত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আত্মশক্তি চালিয়েছে তা অবিশ্রান্ত দুঃসাহসী সংগ্রাম—দুঃখজয়। মৃত্যুজয়ী আত্মা সগৌরবে তুলে ধরেছে—দিকে দিকে মেলে দিয়েছে সত্যের জয়পতাকা।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।