ফেসবুক-আসক্তি — সৈয়দ তানভীর আজম

(সূত্র: প্রথম আলো)

আমার বন্ধু শাকিল। ছেলেটি সব দিক থেকেই মোটামুটি ভালো — ভদ্র, মিশুক, হাসিখুশি। কিন্তু তার একটাই সমস্যা, সে প্রচণ্ড ফেসবুক-আসক্ত। বাংলাদেশে যেমন মাদকাসক্তদের জন্য পুনর্বাসন কেন্দ্র আছে, তেমন যদি কোনো “ফেসবুক-আসক্তি কেন্দ্র” থাকত, তাহলে বিনা দ্বিধায় শাকিলকে সেখানে ভর্তি করিয়ে দিতাম।

বছরখানেক আগের কথা। আমরা এক স্যারের কাছে প্রাইভেটে পড়তাম। শাকিলও সেখানে নিয়মিত আসত। হঠাৎ দেখি, সে অনিয়মিত হয়ে যাচ্ছে — একদিন আসে, তিন দিন আসে না।
আমি জিজ্ঞেস করলাম,
— “কিরে, প্রাইভেটে এলি না কেন?”
সে নির্বিকারভাবে বলল,
— “নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি তো, তাই প্রাইভেটের সময়টা ফেসবুকেই কাটাচ্ছি।”

আমি হতবাক! পড়াশোনার সময় বাদ দিয়ে ফেসবুক!

কয়েকদিন পর দেখি, স্কুলেও সে অনিয়মিত হয়ে গেছে। জিজ্ঞেস করতেই মুচকি হেসে বলল,
— “ফেসবুকে নতুন একটা মেয়েবন্ধু পেয়েছি। ভাবলাম, বন্ধু যখন, তাকে সময় তো দিতেই হয়!”

তখনই বুঝলাম, ব্যাটা ভয়ংকরভাবে ফেসবুক-রোগে আক্রান্ত।

একদিন দেখি, শাকিল তড়িঘড়ি করে কোথাও যাচ্ছে। আমি ডাকলাম,
— “এই শাকিল, একটু দাঁড়া, কথা আছে।”
সে হাঁটতে হাঁটতেই বলল,
— “দোস্ত, তাড়া আছে, ফেসবুকে যোগাযোগ কর!”

কিছুদিন পর আমাদের পরীক্ষার রুটিন বেরোল। শাকিল কিছুই জানে না। আমি ফোন দিলাম,
— “হ্যালো, শাকিল, পরীক্ষার রুটিন দিয়েছে। নিবি না?”
ওপাশ থেকে শাকিলের উত্তর,
— “দোস্ত, এক কাজ কর, রুটিনটা আমার ওয়ালে পেস্ট করে দে!”

এর কিছুদিন পর হঠাৎ খবর এল — শাকিল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। আমি ছুটে গেলাম দেখতে। দেখি, তার সারা শরীরে ব্যান্ডেজ, মুখে যন্ত্রণা, চোখে কষ্ট। আমি এগিয়ে যেতেই সে কাতর স্বরে বলল,
— “দোস্ত, একটা ফটো তোল তো… আমার ফেসবুক অ্যালবামে রাখব!”

আমি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। ভাবলাম, শাকিল হয়তো সত্যিই মানুষ নয়, সে যেন ফেসবুকেরই এক জীবন্ত অ্যাকাউন্ট!

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!